নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আহত তিন নারী জঙ্গির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম নূর নবী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আসামিরা হলেন- তানভির কাদেরি ওরফে আবদুল করিমের স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, গুলশান হামলার অপারেশনাল কমান্ডার নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং জঙ্গি বাসারুজ্জামানের স্ত্রী শায়লা আফরিন।
মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহকারী পুলিশ কমিশনার আহসান নূরুল সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আজিমপুরে বিডিআর দুই নম্বর গেটের পাশে পিলখানা রোডের ২০৯/৫ নম্বর বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে ওই বাড়ি থেকে এক জঙ্গির লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া এক ছেলেশিশু এবং আরো দুটি মেয়েশিশুকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়।

Be the first to comment on "৭ দিনের রিমান্ডে তিন নারী ‘জঙ্গি’"