শিরোনাম

‌‌‌‌‘উনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো’

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘উনি (শেখ হাসিনা) ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকবো।’

শনিবার দুপুরে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, ‘আপনারা একজন মানুষের জন্য সব সময় দোয়া করবেন। উনি ভাল থাকলে আমরাও ভাল থাকবো। সকলের কাছে উনার জন্য দোয়া করার অনুরোধ রইলো। উনি হলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘ইসলামের অপব্যাখ্যা করে বাংলাদেশকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা হচ্ছে। আর সে জায়গা থেকে দেশকে দেশের সম্মানকে তুলে ধরে রাখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি যেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়ন করতে পারেন।’

এসময় তিনি আইনজীবী সহকারীদের আদালত অঙ্গনে বসার জায়গার ব্যবস্থা করা হবে এবং আইনজীবী সহকারীরা যাতে কমপক্ষে এসএসসি পাশ হয় বা একটা স্ট্যান্ডার্ট বজায় থাকে সেই আহ্বান জানান।

জঙ্গিদের জামিনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও উন্নয়ন ব্যাহত করার সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি জানান, যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো, ১৯৭৫ সালে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিলো তারা আজও ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইকে আমরা রাজনীতিকরণ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের নেতা শেখ হাসিনা।

আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেডআই খান পান্না প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

basic-bank

Be the first to comment on "‌‌‌‌‘উনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো’"

Leave a comment

Your email address will not be published.


*