নিউজ ডেস্ক:পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দেশের প্রধান এই এক্সচেঞ্জ মনে করছে, বিদেশি বিনিয়োগ বাড়ানো গেলে বাজারের বর্তমান তারল্য সংকট অনেকটা কাটানো যাবে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ বাড়লে স্থানীয় বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। তাতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আরেকটু সক্রিয় হবে। তাতে বাড়বে স্থানীয় বিনিয়োগও।
বিদেশি বিনিয়োগের পথেকোনো বাধা আছে কী-না, এই বিনিয়োগ বাড়াতে করণীয় নিয়ে আলোচনা করতে রবিবার ডিএসই সংশ্লিষ্ট ব্রোকারদের সঙ্গে বৈঠক করেছে। ডিএসইতে অনুষ্ঠিত বৈঠকে লংকাবাংলা সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, সিটি ব্রোকারেজ ও এমটিবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ব্রোকারহাউজের প্রধান নির্বাহীরা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কয়েকটি বাধার কথা তুলে ধরেন। এর অন্যতম হচ্ছে- বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সহযোগিতা না করা। অন্যটি লেনদেন স্যাটলমেন্ট।
তারা বলেন, ব্রোকারহাউজের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির তথ্য-পরিসংখ্যান, গবেষণা রিপোর্ট বিদেশি ফান্ড ম্যানেজারের কাছে দেওয়ার পরও তারা নিজেরা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে কথা বলতে আগ্রহ দেখান। তাদের নিজস্ব কিছু জিজ্ঞাসা থাকে যেগুলো সরাসরি কোম্পানির কাছ থেকে জেনে পরিস্কার হতে চান। কিন্তু বেশিরভাগ কোম্পানি এতে সাড়া দেয় না। কোনোভাবেই তারা বিদেশি বিনিয়োগকারীদেরকে মিটিং এর সময় দেয় না।
ব্রোকারহাউজের শীর্ষ নির্বাহীরা বলেন, কোম্পানিগুলো সহযোগিতা করলে বিদেশি বিনিয়োগ ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।
অন্যদিকে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের সরকারি ছুটির দিন ভিন্ন হওয়ায় লেনদেন নিষ্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয়। বিশেষ করে বৃহস্পতিবার এখানে যে শেয়ার কেনা-বেচা হয় তার স্যাটলমেন্ট হয় সোমবার। শুক্রবার ও শনিবার বাংলাদেশে ছুটি। অন্যদিকে রোববার অন্যান্য দেশে ছুটি থাকে। এই সময়ের মধ্যে তাদের মধ্যে কোনো যোগাযোগ করার সুযোগ থাকে না। তাই স্যাটলমেন্টের আগে তাদের কোনো নির্দেশনা থাকলে সেগুলো কাজে লাগানো যায় না।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান বলেন, তারা বাজার উন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করছেন। এরই অংশ হিসেবে রোববার বিদেশি বিনিয়োগে জড়িত ব্রোকারহাউজগুলোর সঙ্গে বৈঠক করা হয়। তারা কিছু বিষয় তুলে ধরেছে। ডিএসই সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে।

Be the first to comment on "বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ডিএসই"