নিউজ ডেস্ক : তৌকির আহমেদের চতুর্থ সিনেমা ‘অজ্ঞাতনামা’ মুক্তি পাচ্ছে ১৯ আগস্ট। আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হওয়া সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
সিনেমা প্রসঙ্গে তৌকির আহমেদ বলেন, আমি চেষ্টা করেছি, যেন সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও একটি অর্থর্পূণ সিনেমা নির্মাণের। এটা জীবনধর্মী একটি সিনেমা, যেখানে মানুষের যাপিত জীবনের সমস্যা উত্থাপন করা হয়েছে। আমার ধারণা, যারা মানুষের কথা ভাবেন তাদের এই সিনেমাটি ভালো লাগবে।
‘অজ্ঞাতনামা’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকির আহমেদ নিজেই।
‘অজ্ঞাতনামা’কে মৌলিক গল্পের দেশীয় সিনেমা হিসেবে দাবি করেছেন তৌকির আহমেদ। তিনি বলেন, আমাদের সিনেমায় থাকতে হবে আমাদের গল্প। যেখানে থাকবে আমাদের মানুষের কথা। অবশ্যই সেখানে থাকবে জীবনের উদযাপন, জীবনের কথন। আমাদের দেশের কথা বলবে, আমাদের মানুষের সম্যস্যার কথা বলবে কিংবা সম্ভাবনার কথা বলবে- এরকম সিনেমাই আমি বানাতে চাই। ‘অজ্ঞাতনামা’ সেরকমই একটি ছবি।
জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেয়া শ্রমিক ও তাদের পরিবারের করুণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘অজ্ঞাতনামা’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে।
সিনেমাটিতে অন্যান্যদের মধ্যে আছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে।
‘অজ্ঞাতনামা’ স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী ও আনন্দ সিনেমাহলে দেখানো হবে। রাজধানীর বাইরে ময়মনসিংহের পূরবী, যশোরের মণিহার, মধুপুরের মাধবী সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি।
চলতি বছরের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এছাড়াও একই মাসে ইতালির গালফ অব নেপলস চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি ঘরে তোলে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড।
২০০৪ সালে মুক্তি পায় তৌকির আহমেদের প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’। এরপর তিনি নির্মাণ করেন ২০০৬ সালে ‘রূপকথার গল্প’ এবং ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭) সিনেমা দুটি। এখন নিজের পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Be the first to comment on "১৯ আগস্ট মুক্তি পাচ্ছে ‘অজ্ঞাতনামা’"