নিউজ ডেস্ক : দেশের গর্ব মেহেদী হাসান মিরাজ এখন বড় তারকা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে আলোচনায় আসা এই ক্রিকেটার পরিবারের জন্য খুলনায় বাড়ি বানিয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাড়ি তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে তিনি খুলনার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানিয়েছেন। মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে দারিদ্র্যের সঙ্গে তার লড়াইয়ের গল্প সংবাদমাধ্যমে উঠে আসার পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দিলেন।
আশরাফুল আলম জানিয়েছেন, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনা ইতোমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে এই ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।
খুলনার খালিশপুরের বিআইডিসি সড়কের নর্থ জোনের ৭ নম্বর প্লটে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির অফিসের পিছনে ভাড়া বাসায় মিরাজরা থাকেন, সেখানে টিনের ঘর মাত্র দুটি। বাঁশের চাটাই দিয়ে বারান্দার একটি অংশ ঢেকে তৈরি হয়েছে আরেকটি ঘর। তারই এক ঘরে রাখা হয়েছে মিরাজের পাওয়া সারি সারি মেডেল।
ছুটিতে মিরাজ এখন বাবা-মার সাথেই অবস্থান করছেন। আর তাকে শুভেচ্ছা জানাতে প্রতিদিনই ভিড় করছেন অতিথিরা। মিরাজকে শুভেচ্ছা জানাতে হঠাৎ অতিথি বেড়ে যাওয়ায় তাদের বসার ব্যবস্থা হয়েছে রাস্তার পাশে চেয়ার পেতে। অভিষেকেই তারকা খ্যতি পাওয়া ক্রিকেটারের বাবা জালাল হোসেন রেন্ট-এ কারের মাইক্রোবাস চালক। তার ছোট মেয়ে খুলনার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছে। আর ছেলে মিরাজ উচ্চ মাধ্যমিক পাস করেছে এ বছরই।
ছেলেমেয়ে নিয়ে কোনো জায়গায় ভালো একটি বাড়ি তৈরি করবেন, সে সামর্থ্য নেই মিরাজের বাবা জালা হোসেনের। এ খবর পৌঁছে গেছে ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আর তাই তিনিই উদ্যোগ নিলেন মিরাজের জন্য একটি বাড়ি তৈরি করে দেয়ার।
১৯ বছর বয়সী তরুণ অলরাউন্ডার মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেই অভিষিক্ত হন। দুই টেস্টে ১৯টি উইকেট নিয়ে এই অফ স্পিনার হয়েছেন ম্যান অফ দি সিরিজ। তার কৃতিত্বেই দ্বিতীয় টেস্ট জয় পায় বাংলাদেশ, ১-১ সমতায় শেষ হয় টেস্ট সিরিজ।

Be the first to comment on "ক্রিকেটার মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর"