নিউজ ডেস্ক : নির্বাচনকালের সরকার প্রসঙ্গে বিকল্প ধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রধান। তাঁর বক্তব্যের রেশ ধরেই প্রস্তাব বের করতে হবে। তাঁর সঙ্গে দেখা করতে হবে। বিকল্প ধারা এই বিষয়ে একটি প্রস্তাব দেবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বি চৌধুরী এসব কথা বলেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
বি চৌধুরী বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালে একটি সর্বদলীয় সরকারের প্রস্তাব করেছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিএনপির সে সুযোগটি হাতছাড়া করা ঠিক হয়নি।
খালেদা জিয়ার নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব প্রসঙ্গে বিএনপির সাবেক এই মহাসচিব বলেন, ইসির চেয়ে নির্বাচনকালের নিরপেক্ষ সরকার বেশি গুরুত্বপূর্ণ। পুরোপুরি নিরপেক্ষ না হলেও ‘নিরপেক্ষতার কাছাকাছি’ সরকার। আন্দোলন করা উচিত নিরপেক্ষতার কাছাকাছি সরকারের জন্য। সর্বদলীয় সরকার নিরপেক্ষতার কাছাকাছি হতে পারে।
রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাব দেওয়ার দিকে ইঙ্গিত করে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নেই। তাঁকে যতই গুণবাচক বিশেষণ দেওয়া হোক, তিনি কিছু করতে পারবেন না। কারণ, সংবিধানেই বলা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন।
এ ছাড়াও মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীর নির্যাতনের ঘটনায় বাংলাদেশ সরকার ও বিএনপির নীরবতার সমালোচনাও করেন বি চৌধুরী।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী।

Be the first to comment on "প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রধান: বদরুদ্দোজা চৌধুরী"