নিউজ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে মোহালিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টেই হাঁটুর সমস্যাটা দেখা দিয়েছিল। আর সেটা নিয়ে দলীয় ব্যবস্থাপনার কাছে অভিযোগও করেছিলেন মোহাম্মদ সামি।
মুম্বাইয়ে কাল থেকে শুরু হওয়া চতুর্থ টেস্টের আগে তাই দলের মূল পেস বোলার সামিকে নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে স্বাগতিক শিবির।
গত বিশ্বকাপের পরপরই সামির হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সেই সময় থেকে প্রায় ১৫ মাস তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। আর সে কারণেই দল চাইছে না তাকে জোর করে খেলাতে। চতুর্থ টেস্টকে সামনে রেখে গণমাধ্যমের সামনে বিষয়টি উপস্থাপন করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একই সাথে জানিয়েছেন বুধবার সন্ধ্যায় সামির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
কোহলি বলেন, “যেহেতু তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে সে কারণেই আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছি না। আমাদের হাতে এখনো সিদ্ধান্ত নেবার সময় রয়েছে। ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই। “
চলতি বছর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পরে ভারতীয় বোলিং বিভাগের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সামি। তিনটি সিরিজে তিনি ২৯টি উইকেট দখল করেছেন যার মধ্যে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে নিয়েছেন ১০টি উইকেট।
মঙ্গলবার দলের প্রধান কোচ অনিল কুম্বলে সামি ও তার ফাস্ট বোলিং সতীর্থ উমেশ যাদবের প্রশংসা করে বলেছেন, দুজনেই টেস্টে খুব ভালো খেলছে। শুধুমাত্র নতুন বলেই নয়, পুরনো বলেও তারা নিজেদের নামের প্রতি সুবিচার করে চলেছেন। সামি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তবে সুইং বোলার ভুবনেশ্বর কুমারের দলে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। যেহেতু বিয়ের কারণে ইশান্ত শর্মাকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাই ভুবনেশ্বর কুমারের ফেরার সম্ভাবনাই বেশি।

Be the first to comment on "সামির ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ভারত"