নিউজ ডেস্ক : কাশ্মীর হামলা থেকে উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের বরফ এখনও গলেনি। এমতাবস্থায় ভারত-পাকিস্তানের মধ্যে আগামী বছর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কোন সম্ভাবনাই দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠী।
আগামী বছর এ ব্যপারে একটি সম্ভাবনা দেখা গেলেও দুদেশের মধ্যকার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সব কিছুই ভেস্তে দিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এ সম্পর্কে শেঠী বলেছেন, “আমি মনে করিনা এই সিরিজ আয়োজনের কোন আভাষ রয়েছে। কারন বর্তমান পরিস্থিতির পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন। কিন্তু তাই বলে আমি মনে করিনা আগামী বছর ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে ভারত আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাবে। ”
পাকিস্তানে ইতোমধ্যেই আন্তঃপ্রাদেশিক কোঅর্ডিনেশন মন্ত্রাণালয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে সব ধরনের ক্রীড়া সম্পর্ক বয়কট করার। শেঠী জানিয়েছেন এ ব্যপারে সরকারের পক্ষ থেকে পিসিবির কাছে যদি কোন ধরনের নির্দেশনা আসে তবে আমরা অবশ্যই সেটা অনুসরণ করবো। কিন্তু এখন শুধুমাত্র আমরা ভারতের মাটিতে কোন ধরনের সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ভারত যদি আমাদের পছন্দের কোন নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজী হয় যা আমরা আয়োজন করবো তবে আমরা অবশ্যই খেলবো।
শেঠী অবশ্য একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ক্রিকেটীয় সম্পর্ক যদি আবারো শুরু হয় তবে পাকিস্তান ভারতে কোন ধরনের ম্যাচ খেলতে যাবে না। আইসিসির কোন ইভেন্টে ভারত পাকিস্তানের বিপক্ষে কোন ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাবে না বলেই শেঠী বিশ্বাস করেন। এখানে যেহেতু আইসিসির বিশার অঙ্কের রাজস্ব জড়িত, তাই ভারত এত বড় ঝুঁকিতে যাবে না।
আগামী ১৭ ডিসেম্বর কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় পাকিস্তান ও ভারতীয় কর্মকর্তাদের সাথে এ ব্যপারে কোন ধরনের আলোচনা হবে কিনা এমন প্রশ্বের উত্তরে শেঠী বলেছেন পাকিস্তানের পক্ষ থেকে একটি সফল আলোচনার সব ধরনের চেষ্টাই করা হবে।

Be the first to comment on "পাক-ভারত দ্বৈরথের কোনো সম্ভাবনাই নেই!"