নিউজ ডেস্ক : ঢাকা শহরে বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছে দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ ঘোষণা দেয়। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি ও ডিএসসিসি। এ ছাড়াও অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য একটি তহবিল (দুস্থ ফান্ড) গঠন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করেছেন। অথচ তাঁদের চাহিদা আমরা পূরণ করতে পারিনি। ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময়ে তাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য আবেদন জানান। এটা আমাদের জন্য দুঃখজনক।
অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা দেন, ঢাকায় বসবাসরত সব মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। এ সময় ডিএনসিসির মেয়র আনিসুল হকও তাতে সম্মতি জানান।
ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, এ দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধার গল্প এক একটি ইতিহাস। তাদের এ আত্মত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আমরা আজ স্বাধীনভাবে চলাচল করতে পারি। তাদের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন যা করার প্রয়োজন পড়বে সবকিছুই করবে।
এ সময় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতারা, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Be the first to comment on "ঢাকার মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা"