নিউজ ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু দেখা গেছে। ট্রেনটি আজ সোমবার সকাল থেকেই আটকে রেখেছিল দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংসদ মঞ্জুরুল ইসলামের (লিটন) সমর্থকরা।
এ কারণে লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বোমাটি উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জে আধাবেলা হরতাল চলার কারণে বগুড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন বামনডাঙ্গা স্টেশনে আটকা পড়ে। এ সময় ট্রেনটির নিচে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলেও জানান ওসি। বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া জানান, এ ঘটনার কারণে লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে ঘরে ঢুকে সাংসদ মঞ্জুরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াত অথবা উগ্রপন্থীদের সন্দেহ করছে। গত বছর একটি শিশুকে গুলি করে আলোচনায় আসেন সাংসদ মঞ্জুরুল ইসলাম। তখন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সাংসদবিরোধী একটি পক্ষ সক্রিয় হয়েছিল।
সাংসদকে হত্যার প্রতিবাদে গতকাল রবিবারও বামনডাঙ্গার শাহবাগ এলাকায় সান্তাহার-লালমনিরহাট রেলপথ অবরোধ করা হয়। উপজেলা আওয়ামী লীগের ডাকে সুন্দরগঞ্জে গতকাল হরতাল পালন হয়। সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সুন্দরগঞ্জে হরতাল পালন করা হবে বলে জানিয়েছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেন।

Be the first to comment on "গাইবান্ধায় আটকে রাখা ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু"