নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। প্রতিনিধিদলে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও যুগ্ম সম্পাদকগণ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের আলোচনা হবে।
ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশমালা দিতে ইতিমধ্যে দলটির পক্ষ থেকে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, সোমবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়। বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এই সংলাপ বসবে।
রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত প্রস্তাব ও সুপারিশমালা সম্পর্কে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হবে। সেখানে বক্তব্য দেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নির্বাচন কমিশনসংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির আহ্বায়ক এইচ টি ইমাম।
উল্লেখ, ইসি গঠন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্র প্রধান আবদুল হামিদ।

Be the first to comment on "সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাবে আ.লীগ"