নিউজ ডেস্ক : রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে গণমাধ্যমকে সত্য উদঘাটন করে প্রকাশ ও প্রচার করতে হবে।
মন্ত্রী আজ বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিএম মিলনায়তনে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পত্রিকাটির সম্পাদক এস এম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘দুর্নীতি মুক্ত দেশ- আমাদের স্বপ্ন’ শীর্ষক সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন, সাংবাদিক গিয়াস উদ্দিন প্রমুখ।
রেলপথমন্ত্রী মুজিবুল হক সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের গণমাধ্যম একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে ভূমিকা পালন করছে তা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক ও গণমাধ্যমকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বাংলাদেশের গণমাধ্যম আজ সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের যে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে তা অব্যাহত রাখতে গণমাধ্যম ও সাংবাদিক অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পত্রিকাটির ২০ বছর পূতি উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘দুর্নীতি বন্ধ করতে হলে গণমাধ্যমকে সত্য উদঘাটন করতে হবে’

Be the first to comment on "‘দুর্নীতি বন্ধ করতে হলে গণমাধ্যমকে সত্য উদঘাটন করতে হবে’"