শিরোনাম

নতুন ইসিকে স্বাগত জানাল জাপা

নিউজ ডেস্ক : সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে গঠিত নুতন নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়েছে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন ইসিকে স্বাগত জানান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি করে সোমবার রাতে পাঁচ সদস্যের নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি। নতুন চার নির্বাচন কমিশনার হলেন—সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ (রাজশাহী) বেগম কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

সোমবার রাতে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সার্চ কমিটি ১০ জনের নাম সুপারিশ করেছিল। তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই পাঁচজনকে নিয়ে নতুন ইসি গঠন করেছেন। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

নতুন ইসিকে স্বাগত জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘সিইসি কে এম নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা। তার অতীত রেকর্ড খুবই ভালো। অতীতে তিনি নিরপেক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন। আশা করছি এবারও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমরা তাকে স্বাগত জানাই।’

সার্চ কমিটিতে দেওয়া জাপার নামের তালিকা থেকে কেউ নতুন ইসিতে আছেন কীনা- এই প্রশ্নের জবাবে এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, ‘এটি অতীত। কে কোন দলের প্রস্তাব থেকে এসেছেন সেটি বড় বিষয় নয়। নতুন ইসি সামনে জাতিকে একটি সুন্দর সাধারণ নির্বাচন উপহার দেবে- সেটাই প্রত্যাশা।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ।

basic-bank

Be the first to comment on "নতুন ইসিকে স্বাগত জানাল জাপা"

Leave a comment

Your email address will not be published.


*