নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সার কারখানার উৎপাদন শুরু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে কারখানার ত্রুটি মেরামত করে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু করা হয়।
কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারে ক্রটি দেখা দেয়। এতে করে ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছিল। তাই কম্প্রেসারের ত্রুটি মেরামতের জন্য কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়।
ত্রুটি মেরামত করতে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেন। কারখানার ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে দীর্ঘ প্রায় ৫৪ দিন বন্ধ থাকার পর বুধবার সকালে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত ৭ জেলায় সার সংকটের কোন সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৫টার দিকে কারখানার আ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে কারখানার উৎপাদন প্রায় ৫৪ দিন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।
দুই মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

Be the first to comment on "দুই মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন"