শিরোনাম

গুণী ব্যক্তিদের খুঁজে বের করে সম্মানিত করা হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : “যেসব গুণী ব্যক্তিত্ব এখনও আড়ালে রয়েছেন, তাঁদেরকে খুঁজে বের করে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে। দেশ-জাতির জন্য তাঁদের অবদানের স্বীকৃতি দিয়ে আমরা কৃতার্থ হব। ” আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালের একুশে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ভাষা-শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ ১৭ গুণী ব্যক্তির হাতে একুশে পদক ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, “একুশ মাথা উঁচু করে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। একুশ আমাদের শিক্ষা দিয়েছে মাথা উঁচু করে চলতে, কারো কাছে মাথা নিচু না করতে, নিজেদের গৌরব ও সম্পদ নিয়েই সামনে এগিয়ে চলতে। একুশের সেই শিক্ষাকে বুকে ধারণ করে আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলব। ” তিনি একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। আগামী প্রজন্মকেও এ জন্য তৈরি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, “১৯৫৪ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকারই উর্দুর পাশাপাশি বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, একুশে ফেব্রুয়ারিকে মহান শহীদ দিবস হিসেবে পালন শুরু করে। ১৯৯৬ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগই দেশের পক্ষ থেকে ইউনেস্কোতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দেয় এবং সেটি পাস হয়। ” এখন ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব করা হবে বলে উল্লেখ করে এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে একুশে পদক প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। এতে শিল্প-সাহিত্যসহ সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "গুণী ব্যক্তিদের খুঁজে বের করে সম্মানিত করা হবে : প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*