নিউজ ডেস্ক : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন।
এর আগে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের শুনানির এই দিন ধার্য করেন। এই মামলায় জামিনে থাকা আসামি খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ আদালতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৭ ও ২০০৮ সালে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল দেন। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। ২০১৫ সালের ৫ আগস্ট জারি করা রুল খারিজ করে রায় দেন বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।
গ্যাটকো মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন। খালেদা জিয়া ছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ এ মামলার আসামি।

Be the first to comment on "গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পেছাল"