শিরোনাম

বিচারক পরিবর্তনে খুশি দুদকের আইনজীবী

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক পরিবর্তনের নির্দেশে খুশি হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। আজ বুধবার বেলা ১১টায় ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি খালেদা জিয়ার অনাস্থার আবেদন গ্রহণ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বিচারক পরিবর্তনের এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে মামলাটি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে স্থানান্তর করতে বলা হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভূঁইয়া। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

হাইকোটের আদেশের পর খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশে আমি খুশি। হাইকোর্ট সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন। তাতে বলা হয়েছে, আগামী ৬০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। এ কারণে আমি খুশি। কেননা, মামলা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা মানতে বিচারিক আদালত বাধ্য। দুদকের আইনজীবী আরো বলেন, বিচারক পরিবর্তন করে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে মামলাটি স্থানান্তর করতে বলা হয়েছে। এ আদেশের কারণে মামলার কার্যক্রমে তেমন কোনো অসুবিধা হবে না। আমি ব্যক্তিগতভাবে এ আদেশের বিরুদ্ধে আপিল করার পক্ষে নই। তবে দুদক যদি মনে করে, তাহলে আপিল করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিচারক আবু আহমেদ জমাদার আইনবহির্ভূতভাবে মামলাটি পরিচালনা করছিলেন। এ জন্য তাঁর ওপর অনাস্থার আবেদন জানানো হয়েছিল। আদালত তা আমলে নিয়ে মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। মামলাটি কী পর্যায়ে রয়েছে, শুনানি কীভাবে শুরু হবে—সেসব বিষয়ে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, মামলাটি পুনঃসাক্ষ্য গ্রহণ ও আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে। সেখান থেকেই মামলার কার্যক্রম আবার শুরু হবে। গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন অনাস্থার আবেদন করেন।

basic-bank

Be the first to comment on "বিচারক পরিবর্তনে খুশি দুদকের আইনজীবী"

Leave a comment

Your email address will not be published.


*