শিরোনাম

ষড়যন্ত্রকারীরা সবসময়ই তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্রকারীরা সবসময়ই তৎপর রয়েছে। দেশের সৃষ্টিলগ্ন থেকেই তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা বসে নেই ভেবেই আমরা কাজ করছি। আজ শনিবার রাজধানীর সায়েদাবাদের করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের ৪০ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে ওই গোষ্ঠী। আমরা কখনোই বলিনি জঙ্গিদের মূল উৎপাটন করে ফেলেছি, তবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। জনগণ জঙ্গিবাদ পছন্দ করে না বলেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও ওই জঙ্গিগোষ্ঠী তাদের তৎপরতা চালাতে পারে চিন্তা করে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। জনগণকে সাথে নিয়ে আগামী দিনেও এই জঙ্গিগোষ্ঠীর মূল উৎপাটন করতে পারবো বলে আশা রাখি। তিনি আরো বলেন, দেশ যতোই এগিয়ে যাক, জনগণের নিরাপত্তা না দিতে পারলে সব প্রচেষ্টাই ব্যর্থ। তাই এই জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা ও সকলের ঘুরে দাঁড়ানোর কারণেই জঙ্গি সন্ত্রাসীদের দমন করা সম্ভব হয়েছে।

রোববার থেকে ঢাকায় বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের নিয়ে অনুষ্ঠিতব্য সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ইন্টারপোল প্রতি বছরই বিভিন্ন স্লোগান নিয়ে বিভিন্ন দেশের পুলিশ প্রতিনিধিদের নিয়ে এমন সম্মেলন করে থাকে। বাংলাদেশে ১ম বারের মত হচ্ছে এই সম্মেলন। ক্রাইম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম নিয়ন্ত্রণে কীভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় সম্মেলনে সে আলোচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সন্তান কই যায়, কী করে খেয়াল রাখুন। তাদেরকে সময় দিন, তারা যেন বিভ্রান্ত না হয়ে যায়। ভবিষ্যতে হলি আর্টিজানের মতো কোন ঘটনা যেন আর না ঘটে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আর তোমরাই হবে তার কান্ডারী। মাদককে তোমরা ঘৃণা করবে। পাশের কেউ মাদকাসক্ত হয়ে পড়লে তা তোমরা শিক্ষকদের জানাবে। এ সময় আরো বক্তব্য রাখেন, ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া প্রমুখ।

basic-bank

Be the first to comment on "ষড়যন্ত্রকারীরা সবসময়ই তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*