নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে একই পরিবারের ৩ জন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। আহতদেরকে লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ,উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মিজান ও নান্টুু শিকদার সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের নিজাম ও কামাল শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল । এর জের ধরে রোববার (১২মার্চ) সকালে মধ্যপাড়ায় দু’পক্ষ অবৈধ আগ্নেয়াস্ত্র,রাম দা,ঢাল,সড়কী ,লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শামীম শিকদার (২৫), কদম শিকদার (২৮), এসকেন্দার (৪৫) জাহানারা (৩২), ফারুক মোল্লা (২২) ও আজাত শেখ (৩৪) আহত হয়। আহত ৬ জনের মধ্যে একই পরিবারের তিন জন এসকেন্দার ও তার স্ত্রী জাহানারাসহ ছেলে ফারুক মোল্লা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ তিন জনই নিজাম শেখ ও কামাল শেখ সমর্থিত লোক বলে জানা গেছে।
সংঘর্ষের পর মিজান সমর্থিত লোকেরা নিজাম শেখ ও কামাল শেখ সমর্থিত মুক্ত মোল্যা ও শুকুর মোল্যা,ইছা মোল্যার বাড়ী ভাংচুর করে ব্যাপক লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ১০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ-৩
লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ-৩
Be the first to comment on "লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ-৩"