নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ২৩৪ বোতল ফেন্সিডিলসহ শ্রমিক নেতা মামুন ও তার স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ আগষ্ট) রাত পৌনে ৮টার দিকে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান ও এএসআই জাহিদসহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের মদিনাপাড়া থেকে শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনের বাড়ি থেকে ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ ওই ফেন্সিডিল বিক্রেতা শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন (৪৪) ও তার স্ত্রী লিমা বেগম (২৯ কে গ্রেফতার করে। পরে মামুনের সহযোগী মাদক কারবারী আজগর মুন্সি (৩৮) কে গ্রেফতার করে। আটক মামুন উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। সে নড়াইল জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন-(১২৯৫) এর একজন সদস্য। সদ্য সমাপ্ত শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মামুন সাধারন সম্পাদক পদে নির্বাচন করে সাদেক আহম্মেদ খানের কাছে পরাজিত হয়। আজগর মুন্সি কুন্দশী গ্রামের জলিল মুন্সির ছেলে। সেও উক্ত শ্রমিক ইউনিয়নের সদস্য। পুলিশ জানিয়েছে, আটক শ্রমিক নেতারা শ্রমিক রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল।
এ ব্যাপারে নড়াইল জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান বলেন, শ্রমিকদের জন্য এটা একটা লজ্জাস্কর ও ন্যাক্কারজনক ঘটনা। মামুন শ্রমিকদের সম্মান ক্ষুন্ন করেছে, তিনি শ্রমিক পরিচয়ের অন্তরালে এহেন অনৈতিক ব্যবসা পরিচালনা করায় আগামী বোর্ড মিটিংয়ে তার সদস্যপদ বাতিল করা হবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
লোহাগড়ায় ২৩৪ বোতল ফেন্সিডিলসহ শ্রমিক নেতা মামুন গ্রেফতার
লোহাগড়ায় ২৩৪ বোতল ফেন্সিডিলসহ শ্রমিক নেতা মামুন গ্রেফতার
Be the first to comment on "লোহাগড়ায় ২৩৪ বোতল ফেন্সিডিলসহ শ্রমিক নেতা মামুন গ্রেফতার"