নিউজ ডেস্ক : আজ ঢাকায় গাইবেন কলকাতার জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও বাংলাদেশের আলোচিত রবীন্দ্র গায়ক স্বপ্নীল সজীব। আজ বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও গুলশান ক্লাব এর যৌথ আয়োজনে দুই বাংলার দুই তারকাকে ঢাকার মঞ্চে একসাথে দেখা যাবে। গুলশান ক্লাবের সদস্য ও বিশিষ্ঠজনদের জন্য আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে রাত ৮টায় গুলশানের লামডা হলে। অতিথিদের কুপন সংগ্রহ করে প্রবেশ করতে হবে।
স্বপ্নীল সজীব ও ইমন একসাথে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেন। গানগুলো দুই বাংলায় বেশ শ্রোতাপ্রিয়তাও পায়। স্বপ্নীলের প্রথম একক অ্যালবাম ‘টেগোর ট্রেজারি’ প্রকাশ পায় ২০১২ সালে, জি সিরিজের ব্যানারে। সেই অ্যালবাম দিয়েই আলোচনায় আসেন। যার ধারাবাহিকতায় একই বছর কলকাতার কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘ভাঙ্গাগড়ায় রবীন্দ্রনাথ’। পরের বছর জি সিরিজের ব্যানারে আসে তৃতীয় একক ‘নীল অতল’। আর ২০১৫ সালে চতুর্থ একক ‘মুক্তি’ প্রকাশ করে ডেলভেস্টা ফাউন্ডেশন। দুটি মিক্সড অ্যালবামেও গেয়েছেন।
আর ইমন একজন প্রমিনেন্ট রবীন্দ্রসংগীতশিল্পী হলেও সম্প্রতি কলকাতার প্রাক্তন ছবির অনুপমের সংগীতায়োজনে ‘তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর’ গানের মাধ্যমে এ দেশের শ্রোতাদের মধ্যে আলোড়ন ফেলেন।

Be the first to comment on "আজ ঢাকায় গাইবেন ইমন ও স্বপ্নীল সজীব"