নিউজ ডেস্ক : ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কতদিন আর বাঁচব…।
আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে। আমাকে নতুন জীবন দাও। ‘ আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে নেতাকর্মীদের কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি।
সাবেক এই সেনাশাসক বলেন, ‘আমার শেষ জীবনের চাওয়া- জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চাই। দুয়ার উন্মোচিত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য শক্তি প্রয়োজন, নির্ভর করছে তোমাদের ওপর। দলকে শক্তিশালী কর। ‘
এ সময় জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের জন্য কী কী করবেন তার একটি সংক্ষিপ্ত তালিকা বক্তব্যে তুলে ধরেন এরশাদ। তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা প্রাদেশিক সরকার করব। এই সরকার দিয়ে আমরা উপকৃত হইনি… নিষ্পেষিত হয়েছি। এভাবে দেশ চলতে পারে না। তাই প্রাদেশিক সরকার চাই। ‘
উপজেলা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে সেখানে ফের গুচ্ছগ্রাম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘এখন যা আছে, তাতে উপজেলা শাসন করেন ইউএনও। আমরা উপজেলা পরিষদকে শক্তিশালী করব। কারণ আমরা চাই জনগণের নেতা জনগণকে শাসন করবে। ‘
ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদ, উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংরক্ষিত রাখবেন রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন এরশাদ। তিনি বলেন, আমরা ১৬ কোটি মানুষ এক এবং অভিন্ন। জাতীয় পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।
দুই বছর পর আজ রবিবার সকাল সোয়া ১০টায় শুরু হয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ সমাবেশস্থলে এসে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কার্যক্রম শুরু করেন।

Be the first to comment on "‘আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে’"