শিরোনাম

ইংল্যান্ড দলে ফাটল!

নিউজ ডেস্ক :  এউইন মরগানের বাংলাদেশে না-আসা স্পষ্টতই ভালোভাবে নেয়নি ইসিবি। ইংলিশ মিডিয়ারও একটি বড় অংশ প্রশ্ন তুলেছে, এতে মরগানের নেতৃত্বের কর্তৃত্বই হারিয়ে গেল কি না। নিজে গা বাঁচিয়ে চলা অধিনায়ক অন্য কঠিন মুহূর্তে সতীর্থদের কাছ থেকে কী করে লড়াই করার আহ্বান জানাবেন, এমন প্রশ্ন তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়কেরা।

কিন্তু মরগানের পক্ষেও তো যুক্তি আছে। ব্যক্তিগত অনিরাপত্তাবোধে যে–কেউ ভুগতে পারে। ইংল্যান্ডের খেলোয়াড়দের কেউ কেউ নিশ্চয়ই মরগানের পক্ষে। আবার অনেকে মরগানের ওপর নাখোশও থাকতে পারে, ‘অধিনায়ক কী করে আমাদের এভাবে ফেলে বাড়িতে বসে থাকবে’ ভেবে। এতে কি ইংলিশ ড্রেসিংরুমে দুই ধরনের স্রোত দেখা দিচ্ছে? ইংল্যান্ড দলটার মধ্যে বিভেদ দেখা যাবে না তো?

ক্রিকেটে নেতৃত্ব অনেকটা রাজ্যের সিংহাসনে বসার মতো। মরগানের অনুপস্থিতিতে যে নেতৃত্ব পেলেন জস বাটলার। বাটলার নিজেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রথমত, ইংলিশ ড্রেসিংরুমে কোনো অনৈক্য নেই বলেই তাঁর মন্তব্য। দ্বিতীয়ত, তিনি নিজে এটিকে নেতৃত্বে ‘অভ্যুত্থান’ ঘটানোর সুযোগ হিসেবে দেখছেন না। মরগান আবার ফিরে এলে হাসিমুখেই নেতৃত্ব ফিরে দেবেন বলে জানিয়েছেন।

বাটলার বলেছেন, ‘এটা অবশ্যই আমাদের ড্রেসিংরুমকে বিভক্ত করে ফেলবে না। আমরা খুবই ঐক্যবদ্ধ একটা দল, সেভাবেই থাকব। দলের প্রত্যেকে সবার ভালো বন্ধু। সেই বন্ধুত্ব আমরা রাখতে চাই। আমাদের এই সম্পর্কের ভেতরে অন্য কিছু আমরা ঢুকতে দেব না। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি, এর কয়েক বছর পর বিশ্বকাপ সামনে রেখে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। ড্রেসিংরুমের প্রত্যেকে একসঙ্গে মিলে এই ট্রফি জিততে চাই। এটাই আমাদের সম্মিলিত লক্ষ্য।’

গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন মাটিতে মিশে গিয়েছিল। তারপরও মরগানের কাঁধেই নেতৃত্বভার রেখে নতুন করে ইংল্যান্ড ওয়ানডে দলটা গড়ে তুলেছেন ইসিবির নির্বাচকেরা। এই ইংল্যান্ড ওয়ানডেতে এখন দুর্দান্ত এক দল হয়ে উঠেছে। বাটলার মনে করেন, মরগানই এই দলটা গড়ে তুলেছেন। এই দল মরগানের দল। আর তাই তিনি স্রেফ অন্তর্বর্তী অধিনায়কের দায়িত্ব পালন করবেন। মরগানকে অধিনায়ক মাথায় রেখেই।

বাটলার বলেছেন, ‘মরগানই ওয়ানডে দলের অধিনায়ক থাকবে। আমি পুরোপুরি বিশ্বাস করি, আবারও দলে ফিরলে সেই এই দায়িত্ব কাঁধে তুলে নেবে। সে-ই এখনো এই দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বে আমরা অসাধারণ উন্নতি করেছি। আমার চোখেও সে এই দলের আসল নেতা।’

basic-bank

Be the first to comment on "ইংল্যান্ড দলে ফাটল!"

Leave a comment

Your email address will not be published.


*