নিউজ ডেস্ক : প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় আজ জয় ছাড়া আর কোনো বিকল্প নেই মাশরাফিদের সামনে। সিরিজে টিকে থাকার দিন ইংল্যান্ডকে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিন ২৯ বলে ৪৪ রান করেছেন মাশরাফি বিন মতুর্জা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করে টাইগাররা। আজ রবিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ব্যাটিংয়ে নেমে ধীরগতির শুরু করে বাংলাদেশ। সপ্তম ওভারে দলীয় ২৫ রানে দ্রুত রান তোলার তাগাদায় বড় শট খেলতে উদ্দত হন ইমরুল কায়েস। ক্রিস ওকসের বলে উইলির হাতে ক্যাচ দিয়ে ১৮ বলে ১১ রান করে ফিরে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস।
ইমরুল ফিরে যাবার পর অধৈর্য্য হয়ে ওঠেন তামিম ইকবালও। নবম ওভারে উইকেট বিলিয়ে আসেন তিনিও। আউট হবার আগে ৩১ বলে ১৪ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান আউট হবার পর ব্যাটিংয়ে এসে ধুঁকতে থাকেন সাব্বির রহমান রুম্মন। ইংলিশ পেসারদের দাপটে রানই বের করতে পারছিলেন না এই ব্যাটসম্যান। বলের বলে বোল্ড হবার আগে ২১ বলে মাত্র তিন রান করেন তিনি।
এরপর ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা সামলানোর চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তবে দলীয় ৮৯ রানে মাহমুদউল্লাহকে একা রেখে জ্যাক বলের শট বলে হুক করতে গিয়ে মঈন আলীকে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক (২১)।
মুশফিক বিদায়ের খানিক বাদেই ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দলের বিদায় আরো বাড়িয়ে দিয়ে বেন স্টোকসের বলে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে বসেন সাকিব আল হাসান। বিদায়ের আগে মাত্র ৩ রান করেন সাকিব।
এরপর তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে বাংলাদেশের ভাঙাচোরা ইনিংসটা মেরামতের কাজে লেগে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন এই দুজন। তবে দলীয় ১৬১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন রিয়াদ। ৭৫ রান করেন তিনি।
রিয়াদের বিদায়ের পরই টাইগারদের ইনিংসে আরেকবার আঘাত হানেন আদিল রশীদ। এই লেগস্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে মঈন আলীকে ক্যাচ দিয়ে ফিরে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৯ বলে ২৯ রান করেন উদীয়মান এই অলরাউন্ডার।
টপ অর্ডার ব্যর্থ হওয়ায় নিজেই রান তোলার দায়িত্ব তুলে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। একের পর চার-ছয় মেরে ইংলিশ বোলারদের ব্যতিব্যস্ত করে রাখেন বাংলাদেশ অধিনায়ক। শেষ বলে আউট হবার আগে ২৯ বলে তিনটি ছয় ও দুটি চারে ৪৪ রান করেন মাশরাফি। নাসির হোসেন অপরাজিত ছিলেন ২৭ রানে। বাংলাদেশ দলে একটি পরিবর্তন; মোশাররফ হোসেনের বদলে একাদশে ফিরেছেন নাসির হোসেন। ইংল্যান্ড দল অপরিবর্তিত আছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।
ইংল্যান্ড দল: জেসন রয়, জেমস ভিঞ্চ, বেন ডাকেট, জনি বেয়ারস্ট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশীদ, ডেভিড উইলি, ও জ্যাক বল।

Be the first to comment on "ইংল্যান্ডকে ২৩৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ"