নিউজ ডেস্ক : জুমার নামাজের সময় বাদ্য বাজানো ও কীর্তন গাওয়ার কথিত অভিযোগে সিলেটের কাজলশাহ এলাকায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটককৃতদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে এই ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসককে প্রধান করে গঠিত এ কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের একজন প্রতিনিধি রাখা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।
এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ১৪ জনকে আটক করা হলেও সন্ধ্যার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলেও জানান ওসি সুহেল।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় দুর্বৃত্তরা ইসকন মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। নামাজের সময় বাদ্য বাজানোর অভিযোগে এনে হামলা চালায় তারা। এসময় মন্দির থেকেও হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল ছোঁড়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হন। পুলিশ ১৫ জনকে আটক করে নিয়ে আসে।
এরপর প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উদ্যোগে শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
সভায় সরকারীদলের সিলেটের শীর্ষ নেতারা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। এই বৈঠক থেকে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় ও আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে, ফের কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে বলে ওসি সুহেল জানিয়েছেন।

Be the first to comment on "ইসকন মন্দিরে হামলায় আটককৃতরা মুক্ত, তদন্ত কমিটি গঠন"