শিরোনাম

‘এমএসএন’ ত্রয়ীর গোলে বার্সার সহজ জয়

নিউজ ডেস্ক : মেসি-নেইমার-সুয়ারেস হলেন বার্সার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী। একদিনে তিনজন জ্বলে উঠলে ম্যাচের ভাগ্য কী হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এই ত্রয়ীর গোলে লা লিগায় এইবারের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় তুলে নিল লুই এনরিকের শিষ্যরা।
রবিবার রাতের খেলায় প্রতিপক্ষের মাঠে প্রথমেই ধাক্কা খায় বার্সা। সেটা গোলের জন্য নয় অবশ্যই, তবে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় সের্হিও বুসকেতসকে। তার জায়গায় বদলী নামেন দেনিস সুয়ারেস। এরপর ২০ ও ২২ মিনিটে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি অতিথিরা। অতঃপর ৩১তম মিনিটে মেসির শট থেকে ফিরতি বল পেয়ে বেশ দূর থেকে শট নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেস প্রত্যাশিত গোলটি এনে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডান দিক থেকে সুয়ারেসের ক্রস ছয় গজ বক্সের ঠিক বাইরে পেয়ে জালে পাঠাতে ভুল করেননি আর্জেন্টাইন সুপারস্টার। ৬৮ তম মিনিটে গোলের দেখা পান লুই সুয়ারেস। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর যোগ করা সময়ে গোলের দেখা পান নেইমার। ডান দিক থেকে আলেইশ ভিদালের ক্রস ডি বক্সে পেয়ে ডান পায়ের শটে চলতি মৌসুমে নিজের নবম গোলটি করেন ব্রাজিলের তারকা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৪১।

basic-bank

Be the first to comment on "‘এমএসএন’ ত্রয়ীর গোলে বার্সার সহজ জয়"

Leave a comment

Your email address will not be published.


*