নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না পেয়ে মা ও এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে মিরাজ (২৮) নামে মাদকাসক্ত এক যুবক। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কৈয়াপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো- স্থানীয় আলীর স্ত্রী মিনারা (৪৮) ও তাদের প্রতিবেশী আকবর আলী (৫২)।
স্থানীয়রা জানান, আলী ও মিনারা দম্পতির ছেলে মিরাজ একজন মাদকাসক্ত। সোমবার সকালে মায়ের কাছে নেশার টাকা চান তিনি। তার মা টাকা না দেয়ায় তিনি দা দিয়ে তাকে কোপাতে শুরু করেন। এ সময় প্রতিবেশী আকবর বাধা দিতে এলে তাকেও কোপাতে শুরু করেন মিরাজ। এতে ঘটনা স্থলেই মিনারা ও আকবরের মৃত্যু হয়। এ সময় মিরাজ দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আলী ও বড় ভাই আলামিনকে (৩০) থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Be the first to comment on "টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা ও প্রতিবেশী খুন"