শিরোনাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আধুনিকায়নসহ ৭ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়নসহ ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৪৫৫ কোটি ৪৮ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৭২৭ কোটি ১৬ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং আইএমইডির ভারপ্রাপ্ত সচিব মফিজুল ইসলাম।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রংপুর রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের পাশাপাশি ময়মনসিংহ বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টেভি কেন্দ্র স্থাপন করতে হবে। মূল প্রকল্পে ময়মনসিংহ ছিল না।
তিনি বলেন, জনসাধারণের ব্যবহার উপযোগী করে ২২টি পার্ক, ৪টি খেলার মাঠ ও উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন ও উন্নয়ন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যস্ততম এলাকায় জনগণের ব্যবহার উপযোগী ৭৩টি স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ ও পরিচালনা, ৪টি পরিবেশ ও স্বাস্থ্যসম্মত জবাইখানা নির্মাণ ও পরিচালনা, ১৫টি ফুটওভার ব্রিজের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং পর্যাপ্ত উন্মুক্ত ও সবুজ স্থান রেখে ৪টি কবরস্থানের উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, এখন থেকে দেশের যেখানে চার লেন রাস্তা করা হবে সেখানে অবশ্যই রাস্তার দু’ পাশে সার্ভিস লেন থাকতে হবে। যাতে দুর্ঘটনা কম হয়। তা ছাড়া রাজধানীতে যেসব খেলার মাঠ করা হবে সেখানে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থ রাখা হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, বাংলাদেশ টেলিভিশনের ৫টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৯১ কোটি টাকা। লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভর্নেন্স প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭৫৪ কোটি ২১ লাখ টাকা। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৩৮ কোটি ২৭ লাখ টাকা। বৃহত্তর পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৯২ কোটি ২৫ লাখ টাকা। অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭৬১ কোটি ৭৪ লাখ টাকা। যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩২১ কোটি ৫৬ লাখ টাকা। ঢাকা উত্তরসিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৭৯ কোটি ৫১ লাখ টাকা।

basic-bank

Be the first to comment on "ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আধুনিকায়নসহ ৭ প্রকল্প অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*