নিউজ ডেস্ক : চাঁদপুরে তেলের ট্যাংক-লরি থেকে তিনতলা একটি ভবনে আগুন লেগে যায়। এ অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
ভবনটির একাংশ পুড়ে গেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে লরি থেকে তেলের গুদামে তেল নামানোর সময় আগুন লাগে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যমুনা ওয়েল এজেন্সির একটি গুদামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্যাংক-লরিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই গোডাউনে থাকা গ্যাস সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার পরপরই চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কমান্ডার ফারুক জানান, ‘ফায়ার সার্ভিস কর্মীরা রাত তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে যমুনা ওয়েল এজেন্সির মালিক মিজানুর রহমানসহ সাতজন দগ্ধ হন।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক বলেন, আগুনে পোড়া পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এদের মধ্যে চারজনের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ এবং দুজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। আহত ফায়ার সার্ভিস কর্মী খোকন মজুমদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Be the first to comment on "তেলের ট্যাংকার থেকে গোডাউনে আগুন, ৭ জন দগ্ধ"