নিউজ ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলার বিপরীতে পদ্মা নদীর ভারতীয় সীমান্তে নৌকাডুবিতে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চারঘাটের ইউসুফপুর গ্রামের বিপরীতে ভারতের জলঙ্গি থানার কাগমারী এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনাস্থলের এপারের বাংলাদেশী লোকজন এ তথ্য নিশ্চিত করছে। তবে পুলিশ ও বিজিবি এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
চারঘাটের ইউসুফপুর গ্রামের লোকজন ও জেলেদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই কৃষক এবং ভারতীয় নাগরিক বলে তারা খবর পেয়েছেন। তারা ওপারে বিএসএফ’র কাছে তাদের জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে পদ্মা নদীর মাঝে চরের জমিতে কাজ করতে আসছিলেন। এ সময় এই নৌকাডুবির ঘটনা ঘটলে অন্তত ৭ জনের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের লাশ নিয়ে যায়।
রাজশাহী বিজিবির ১ ব্যটালিয়নের চারঘাটের ইউসুফপুর বিওপির হাবিলদার নজরুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই নদীতে বিজিবি সদস্যরা টহলে আছে। এখনও পর্যন্ত কেউ এ খবর জানায়নি। বাংলাদেশের সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কোনো ঘটনা ঘটলে সেটা ভারতীয় নীমান্তে হতে পারে।
চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘বাংলাদেশী কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় নি। এপারের কোনো পরিবারও তাদের কোনো স্বজন নিখোঁজের দাবি করেনি। তবে ঘটনা শুনে তিনি স্পিড বোটে করে নদীতে রওনা হয়েছেন বলে জানান তিনি।

Be the first to comment on "পদ্মায় ভারতীয় সীমান্তে নৌকাডুবিতে ৭ জনের মৃত্যু"