নিউজ ডেস্ক : পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল লাহোরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তকে মোটেও ভালো চোখে দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান।
এ প্রসঙ্গে এক টিভি সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘পিএসএলের ফাইনাল ম্যাচটি লাহোরে করার চিন্তাটা আমার কাছে পাগলামিই মনে হচ্ছে। আমি জানি না এই পরিস্থিতির মধ্যে শান্তির কোন বার্তাটা তারা দিতে পারবে। ফাইনালটি যদি সফলভাবে শেষও হয়, পাকিস্তানে অন্য দলগুলো আসার ব্যাপারে যে পরিস্থিতি, তা বদলাবে বলে আমার মনে হয় না।
ইমরানের সঙ্গে সুর মিলিয়েছেন আরও পাকিস্তানি ক্রিকেটাররা। জাভেদ মিয়াঁদাদ এ বিষয়ে বলেন, ‘ওই দিন যদি কোনো কিছু ঘটে যায় এর দায় কে নেবে? আমরা খুব ভালো করেই জানি এই ম্যাচের পরও পাকিস্তানে বিদেশি দলগুলো খেলতে আসবে না। তবু কেন আমরা এমন ঝুঁকি নিচ্ছি?’
একই মত পোষণ করেছেন আরেক সাবেক অধিনায়ক আমির সোহেল ও সাবেক টেস্ট ওপেনার শোয়েবে মোহাম্মদও।
এদিকে গত কয়েকদিনে অন্তত তিনটি বড় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে লাহোরে। এছাড়া এর আগে এক সন্ত্রাসী হামলায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত হয়ে আছে প্রায় এক দশক ধরে। কিন্তু তারপরও পিএসএলের ফাইনালটি লাহোরে আয়োজনের ব্যাপারে পিসিবি বেশ দৃঢ়প্রত্যয়ী।
পিসিবির সিদ্ধান্তকে পাগলামি বললেন ইমরান

Be the first to comment on "পিসিবির সিদ্ধান্তকে পাগলামি বললেন ইমরান"