নিউজ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের কমল। আন্তর্জাতিক বাজারে দাম কমায় মানভেদে ভরিতে সর্বোচ্চ ৯৯২ টাকা কমেছে। তবে সোনার দাম কমলেও রূপার দাম বেড়েছে। আগামী সোমবার থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ১৪ নভেম্বর ভরিতে সোনার দাম দেড় হাজার টাকা কমেছিল। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৭ হাজার ৯০৮ টাকায় বিক্রি হবে। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৪৯১ টাকা। ভরিতে ২২ ক্যারেটে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে ৮১৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৫৮৩ টাকা কমেছে।
সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৫ হাজার ১৯ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৬ হাজার ১১ টাকা। এক্ষেত্রে দাম কমেছে ৯৯২ টাকা। তবে রূপার (ক্যাডমিয়াম) দাম ভরিতে বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম বর্তমানে ৯৩৩ টাকা।

Be the first to comment on "ফের হ্রাস পেয়েছে সোনার দাম"