নিউজ ডেস্ক : বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে এখনও পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। কোপা আমেরিকার ব্যর্থতায় হতাশ হয়ে অবসরে গিয়েছিলেন।
সবার অনুরোধে সেই অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন। গোল করেছেন। গোল করে যাচ্ছেন প্রিয় ক্লাব বার্সেলোনার হয়ে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার জাদুকরী পারফর্মেন্সে মুগ্ধ হয়ে বার্সা কোচ বললেন, মেসি জায়ান্ট কিলার। বড় দল পেলেই ও জ্বলে ওঠে।
মেসি শুধু নিজে গোল করেন তাই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোতেও মেসির ধারেকাছে কেউ নেই। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে অসাধারণ খেলেন মেসি। প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই ম্যাচের সূত্র ধরে বার্সা বস লুইস এনরিকে বলেন, “তাকে বর্ণনা করার মতো খুব বেশি শব্দ আর বাকি নেই। বড় ম্যাচগুলোয় মেসি জ্বলে ওঠে। বড় ম্যাচেই আমরা ওর সেরাটা দেখি। ”
এই ম্যাচ জয়ের ফলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল এনরিকের শিষ্যরা। আর এতে কোচের আনন্দ ধরে না। আগামী সপ্তাহে ক্যাম্প ন্যু তে ফিরতি লেগের খেলা। হলুদ কার্ডের দেখা পেয়ে ওই ম্যাচে খেলছেন না এমএসএন ত্রয়ীর অন্যতম নেইমার। তবে বাকীরা তো আছেন। তাই নিশ্চিন্ত বার্সা কোচ এখন তাকিয়ে আরও একটি জয়ের দিকে।

Be the first to comment on "মেসি হলেন ‘জায়ান্ট কিলার’"