শিরোনাম

রাষ্ট্রপতি যথা সময়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি যথা সময়ে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার রাজধানীতে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘নুরুন্নবী চৌধুরী শাওন মেধা বৃত্তি ২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন-পুনর্গঠনের এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। তিনি এ জন্য সার্চ কমিটি গঠন করবেন। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন-পুনর্গঠন করবেন। এ নিয়ে কারও প্রস্তাব দেওয়ার কিছু নেই।’

ঐকমত্যের ভিত্তিতে ইসি পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব প্রসঙ্গে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘বিকেলে দেখলাম সরকারবিরোধী খালেদা জিয়া কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে, সে প্রস্তাব দিয়েছেন। মনে হয় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন আমাদেরও সুযোগ দিয়েছিলেন! এ নিয়ে প্রস্তাব দেওয়ার কিছু নেই।’

২০১৯ সালেই জাতীয় নির্বাচন হবে- এ কথা জানিয়ে তিনি বলেন, ‘স্পষ্ট করে বলছি, ২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন হবে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ইসি গঠন ও নির্বাচন নিয়ে এই প্রশ্ন করেছিলেন, তাদেরও বলেছি নির্বাচন কমিশনের গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির। কিভাবে এই কমিশন গঠন হবে সংবিধানে সেটা বলে দেওয়া হয়েছে।’

ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রমশই মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে-এ কথা জানিয়ে ভূয়সী প্রশংসা করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আলী আজম মুকুল এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপি,ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি প্রমুখ।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রপতি যথা সময়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন: বাণিজ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*