নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম চক্রান্ত ষড়যন্ত্র পরিহার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন।
আজ মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় ৫০০ শয্যা বিশিষ্ট নুরুল হক আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। হত্যা, জ্বালাও- পোড়াও ও চক্রান্তের রাজনীতি পরিহার করে আগামী নির্বাচনে অংশ নিন।
সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা: এবিএম জাফর উল্লাহ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মলয় কান্তি চক্রবর্তী, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপির সৃষ্ট জঙ্গিবাদ দমন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। বাংলাদেশের উন্নয়নে এক নিরব বিপ্লব চলছে। আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহবান জনিয়ে তিনি বলেন, দেশে আজ বিদ্যুৎ সংকটও নেই। আওয়ামী লীগ ক্ষমতা না এলে আবার হাওয়া ভবন ও জঙ্গিবাদের উত্থান হবে।
পরে স্বাস্থ্যমন্ত্রী নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন এবং ভবন উন্নয়নের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেন। এছাড়াও জেলা শহরে ২টি মডেল ফার্মেসি উদ্বোধন করেন।
ষড়যন্ত্র পরিহার করে আগামী নির্বাচনে অংশ নিন : বিএনপিকে নাসিম

Be the first to comment on "ষড়যন্ত্র পরিহার করে আগামী নির্বাচনে অংশ নিন : বিএনপিকে নাসিম"