নিউজ ডেস্ক : নৌ-পরিবহন মন্ত্রী মোঃ শাজাহান খান এমপি বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস ও গণহত্যার বিচার করে দেশকে পাপ মুক্ত করতে হবে। ‘৭১ সালের গণহত্যা ও বঙ্গবন্ধু হত্যার যেমনি বিচার হয়েছে, তেমনি ২০১৩, ‘১৪ ও ‘১৫ সালের গণহত্যাকারীদের বিচার এবং পাকিস্তানের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই দুটি দাবীতে তৃনমূল পর্যায় থেকে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ গড়ে তোলা হয়েছে।
জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১৬ খন্ডের ইতিহাস রয়েছে। এর তৃতীয় খন্ডের কয়েকটি পাতা জিয়াউর রহমান পরিবর্তন করেছে। ওই সময় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্র হয়েছিলো। তাদের সেই ষড়যন্ত্র এখনও চলছে। মন্ত্রী বলেন, পাকিস্তান এই দেশে জঙ্গি রপ্তানী করছে। তারা এখনও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নতুন প্রজন্মকে এসবের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা প্রমূখ।

Be the first to comment on "সন্ত্রাস ও গণহত্যার বিচার করে দেশকে পাপ মুক্ত করতে হবে : নৌ-মন্ত্রী"