নিউজ ডেস্ক : সদ্য প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাংকিংয়ে পাকিস্তান ক্রিকেট দলের এক পয়েন্ট অবনমন হয়েছে। কিন্তু এই এক পয়েন্টের জন্যই তাদের ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করার আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ৮৭। সিরিজটি ৪-১ এ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ শেষে পাকিস্তানের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৬। যা ২০০১ সালে বর্তমান র্যাংকিং পদ্ধতি চালু হবার পর পাকিস্তানের সবচেয়ে কম রেটিং পয়েন্ট।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তান এখন আছে নবম অবস্থানে। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৯৪। এই অবস্থায় ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের সরাসরি খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
২০১৯ সালের বিশ্বকাপে মোট অংশ নিবে দশটি দল। আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে যারা সেরা সাতে থাকবে তারা সরাসরি বিশ্বকাপে অংশ নিবে। তাদের সাথে স্বাগতিক হিসেবে অংশ নিবে ইংল্যান্ড। আর বাছাইপর্বের মাধ্যমে বাকি দুইটি দল ঠিক করা হবে। ২০১৮ সালের এক মার্চ থেকে চার এপ্রিল বাংলাদেশে বাছাইপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে দশটি দল।
চলতি মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এছাড়া জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এরপর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে পাকিস্তান।
তাই ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ের উন্নতি করতে না পারলে পাকিস্তান খেলতে পারবে না সরাসরি পর্বে।

Be the first to comment on "২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে সংশয়"