নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশ অনুযায়ী আগামী ৩১ আগস্ট খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে। খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য প্রথমে অবশ্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। পরে এই তারিখ পরিবর্তন করে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ নির্দেশ দেন।
এদিকে, মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য জেরা এবং কেসডকেট চেয়ে করা আবেদনটি হাইকোর্টের খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। আবেদনটি শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া আত্মপক্ষ সমর্থন পিছানোর জন্য সময়ের আবেদন করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।

Be the first to comment on "৩১ আগস্ট আদালতে হাজির হতে হবে খালেদাকে"