শিরোনাম

আলেপ্পোয় অবরোধ ভাঙল বিদ্রোহীরা

নিউজ ডেস্ক: সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর অবরোধ ভেঙে ফেলেছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। সরকারি বাহিনীর অবরোধ শুরুর তিন সপ্তাহ পর বিদ্রোহীরা দাবি করে, তারা গত শনিবার রাতে নগরের পূর্বদিকের জনপদগুলোতে প্রবেশের নুতন পথ খুলেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, এরপর নগরের দক্ষিণ অংশে গতকাল রোববার সকাল থেকে আবার লড়াই শুরু হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহী, ইসলামপন্থী এবং জঙ্গিদের জোট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে নগরের পূর্বদিকে প্রবেশের করিডর প্রতিষ্ঠার দাবি করে। সে এলাকায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। এ পথটি গেছে আলেপ্পোর দক্ষিণ সীমানা ঘেঁষে।

পর্যবেক্ষক সংগঠন অবজারভেটরি বলেছে, ওই এলাকাটি এখনো অনিরাপদ। সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান বলেন, এলাকায় এখনো সংঘর্ষ চলছে, সেই সঙ্গে চলছে বিমান হামলা। তবে এর মাত্রা কম। বিদ্রোহীরা দক্ষিণ-পশ্চিমের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রও দখল করে ফেলে। এরপর তারা উত্তর-পূর্বের রামুসার দিকে এগোতে থাকে। এলাকা দখলের পর বিদ্রোহী সেনারা দখল করা এলাকায় তাদের আনন্দ-উল্লাসের ছবি প্রকাশ করে।

গত ১৭ জুলাই থেকে আলেপ্পো অবরোধ করে আছে সরকারি বাহিনী। গত শনিবার বিদ্রোহীরা নতুন যেসব এলাকায় দখল নেয়, সেখান দিয়ে একটি সবজির ট্রাক যেতে দেখা গেছে। তবে সিরিয়ার সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যম অবরোধ ভেঙে ফেলার দাবি প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শনিবার রাতে সামরিক সূত্রের বরাত দিয়ে এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আলেপ্পোর পূর্বাঞ্চলে কোনো অবরোধ ভাঙতে পারেনি তারা। বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী সহযোগীদের সঙ্গে নিয়ে আলেপ্পোর দক্ষিণে লড়াই চালিয়ে যাচ্ছে। সরকারনিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানায় সানা। তবে অবজারভেটরি দাবি করেছে, সরকারনিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। এ সময় উভয় পক্ষের সাত শতাধিক সেনা নিহত হন। এর মধ্যে বিদ্রোহীদের সংখ্যাই বেশি।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়া সম্প্রতি শহরের আটকাপড়া লোকজন ও বিদ্রোহীদের শর্তসাপেক্ষে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে কয়েকটি করিডর খোলার ঘোষণা দেয়। শহরের কিছু বাসিন্দার নিরাপদে চলে যাওয়ার দৃশ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানোও হয়েছে। তবে বিদ্রোহীরা বলছে, আলেপ্পো পুরোপুরি দখল করতে এটি রুশ পরিকল্পনার একটি অংশ ছাড়া অন্য কিছু নয়।

 

basic-bank

Be the first to comment on "আলেপ্পোয় অবরোধ ভাঙল বিদ্রোহীরা"

Leave a comment

Your email address will not be published.


*