শিরোনাম

এমপি লিটন হত্যায় ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার

নিউজ ডেস্ক : এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা পিস্তলটি এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এগুলো উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ বশিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট ডা. কাদেরের গ্রামের বাড়িতে অভিযান শুরু করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনবাড়ী) গ্রামের ওই বাড়িতে অভিযান শুরু হয় বুধবার দুপুর পৌনে ৩টার দিকে। পুরো বাড়ি ঘিরে রেখে চালানো হয় তল্লাশি। বাড়ির সামনের তিনটি পুকুরের পানি মেশিনের মাধ্যমে সেচ দিয়েও অভিযান চালানো হয়। তবে রাত পর্যন্ত অভিযানে কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ বুধবার দিবাগত রাত ১টার দিকে কাদের খানের দেওয়া তথ্য অনুসরণ করে ওই বাড়ির উঠানে একটি গর্তের সন্ধান পাওয়া যায়। ওই গর্ত থেকেই উদ্ধার করা হয় একটি পিস্তল ও ম্যাগজিন।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, ‘ডা. কাদের খানের দেওয়া তথ্য অনুয়ায়ী তার বাড়ির উঠানের গর্তে রাখা একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। ‘

ওসি আতিয়ার রহমান জানান, লিটন হত্যায় তিন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে কর্নেল কাদের খান একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি আগেই জমা দিয়েছিল। নতুন উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র পেল পুলিশ। তৃতীয় অস্ত্রটি উদ্ধার করতেও পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

basic-bank

Be the first to comment on "এমপি লিটন হত্যায় ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*