নিউজ ডেস্ক:বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জঙ্গীবাদ বিরোধী জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করতে তার গুলশানের বাসায় গিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।
তার সঙ্গে স্ত্রী নাসরিন সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব এবং অন্যান্য নেতারা রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে দলবল নিয়ে খালেদা জিয়ার গুলশানের বাড়ি ফিরোজায় প্রবেশ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিকে বিএনপির দিক থেকে আলোচনায় অংশগ্রহণের জন্য খালেদা জিয়ার সঙ্গে দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ রয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ২ আগস্ট জঙ্গীবাদ বিরোধী জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্কবার্তা দেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বলেছি, দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে জানাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৪ আগস্ট মাগরিবের নামাজের পর কৃষক শ্রমিক জনতা লীগ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবে। ২০ দলীয় জোটের সঙ্গে নয়, বেগম খালেদা জিয়ার সঙ্গে। তিনি প্রকৃত বিরোধী দলের নেত্রী। তার সঙ্গে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাবো।
এছাড়া তারেক জিয়ার বিতর্কিত মন্তব্য সম্পর্কে তিনি বলেন, বিএনপি নেত্রীকে বলবো- আপনার ছেলেকে একটু বলুন, জিয়াউর রহমান বাংলাদেশের এক নম্বর প্রেসিডেন্ট নন, সম্ভবত ৭ নম্বর প্রেসিডেন্ট। এক নম্বর বলে প্রতিষ্ঠিত করার দরকার নাই। আর বঙ্গবন্ধু পাকিস্তান বন্ধু নন, বাংলাদেশের বন্ধু।

Be the first to comment on "জাতীয় ঐক্য নিয়ে খালেদা জিয়া-কাদের সিদ্দিকীর বৈঠক"