নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে নভেম্বরে প্রথম টেস্টে ডান কাঁধে আঘাত লাগার পরে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। আগামী বছর জুনের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই।
সে ক্ষেত্রে বেশ কয়েকটি সিরিজসহ ভারতীয় প্রিমিয়ার লিগেও আর খেলা হচ্ছে না এই গতি তারকার।
কেপ টাউনে স্টেইনের কাঁধে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু তারপরও আগামী বছরের শুরুতেই তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। এ ব্যপারে স্টেইন বলেছেন, প্রথম দুই মাস হালকা কিছু অনুশীলন করব। তবে ফেব্রুয়ারির শেষ দিকে অল্প বোলিং শুরু করব। সাথে সাথে সাঁতারও থাকবে।
এর আগেও একই কাঁধে আরেকবার আঘাত পেয়েছিলেন স্টেইন। তখন প্রায় বছরখানেক তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। সে কারণে পুরোপুরি সুস্থ না হয়ে দ্রুত তিনি মাঠে ফিরতে চাচ্ছেন না। পর্যাপ্ত বিরতি নিয়ে পুনরায় মাঠে ফিরতে চান।
যদিও স্টেইনের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ দুর্দান্তভাবে নিজেদের প্রমাণ করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে পেসারদের ভূমিকা ছিল সর্বাগ্রে। মাঠের বাইরে থেকেও বর্তমান পেসারদের নিয়ে দারুণ গর্বিত স্টেইন।
পূর্ণাঙ্গ সিরিজে এরপর শ্রীলঙ্কাকে আতিথ্য দিবে দক্ষিণ আফ্রিকা। তার আগে অবশ্য নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর রয়েছে। তবে এপ্রিল-মে মাসে আইপিএল এ খেলতে না পারা দারুণভাবে মিস করবেন স্টেইন। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দিকেই এখন মূল দৃষ্টি এই তারকা পেসারের।

Be the first to comment on "জুনের আগে মাঠে ফিরছেন না ডেল স্টেইন!"