নিউজ ডেস্ক : গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড জঙ্গিনেতা মারজানের বাবা হোসিয়ারি শ্রমিক নিজাম উদ্দিন বলেছেন, লাশ ঢাকা থেকে পাবনায় নেওয়ার সামর্থ্য নেই আমার। তিনি বলেন, ও দোষ করে থাকলে উপযুক্ত শাস্তি হয়েছে।
এ নিয়ে আমার আফসোস নাই। কিন্তু সরকার লাশটা ফেরত দিলে নিজের গ্রামে ওকে দাফন করতে চাই।
এদিকে বন্দুকযুদ্ধে মারজানের নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে মারজানের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মারজানের মা সালমা বেগম (৫০) ও দাদি পিয়ারুন্নেছা (৮০) মারজানের শোকে শয্যাশায়ী।
টিভি নিউজে এবং পরে স্থানীয় পুলিশের মাধ্যমে মারজানের পরিবার জানতে পারে যে, মারজান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এ খবর পাওয়ার পর মা সালমা বেগম, দাদি পিয়ারুন্নেছা শোকে ভেঙে পড়েন। ছোটভাই-বোনরাও কান্নাকাটি করে।
মারজানের বাবা নিজাম উদ্দিন বলেন, এত কষ্ট করে ছেলেকে লেখাপড়া করতে পাঠিয়েছি। সেই ছেলে এই অপকর্ম করতে পারে তা বিশ্বাস করতে পারছি না। ও অপরাধ করলে ওর উপযুক্ত শাস্তি হয়েছে।
তিনি বলেন, এখন গ্রামবাসীরাও চায় এবং আমিও চাই সরকার ওর লাশটা দিলে এখানে দাফন করতে পারি। তিনি বলেন, ওকে এই পথে নিয়ে গেছে তাদেরও আমি বিচার চাই।
এদিকে ঢাকার গুলশান হামলার পরপরই ছেলের অপকর্মের কথা শুনে মা সালমা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখনও তিনি শয্যাশায়ী।

Be the first to comment on "নিজ গ্রামেই মারজানের লাশ দাফন করতে চায় পরিবার"