শিরোনাম

পরিবহন ধর্মঘট কেন অবৈধ নয় : আদালতের রুল

নিউজ ডেস্ক : আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে যান চলাচল স্বাভাবিক করারও নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বুধবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

রায়ের প্রতিবাদে ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, আদালতের রুলে এটিও জানতে চাওয়া হয়েছে।
আগামী ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, বিআরটিএ চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আদালতে রিটের শুনানি চলাকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় শাজাহান খান বলেন, আশা করি এখন থেকে যান চলাচল স্বাভাবিক হবে। শাজাহান খানের আহ্বানের পর সারা দেশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি আদালতকে জানানো হলে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, এর আগেও ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও সেটি কার্যকর হয়নি। সে জন্য তিনি পরিবহন চলাচল স্বাভাবিক থাকার বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চান। সেটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করার এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।

basic-bank

Be the first to comment on "পরিবহন ধর্মঘট কেন অবৈধ নয় : আদালতের রুল"

Leave a comment

Your email address will not be published.


*