শিরোনাম

বর্তমান ইসি আজিজ মার্কা কমিশনের চেয়েও খারাপ

ছবি: জাগো নিউজ থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও বেশরম উল্লেখ করে বলেছেন, এই কমিশন বিএনপি আমলের আজিজ মার্কা কমিশনের চেয়েও খারাপ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে এতো লোক মারা যাওয়ার নজির অতীতে নেই। অথচ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাতে কোনো সিল মারার ঘটনা ঘটেনি। তার মানে দিনে সিল মারা হয়েছে। এই লোককে প্রধান নির্বাচন কমিশনার রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ভোট দিতে গিয়ে লাশ হয়ে ফিরছে মানুষ। মানুষের জানমালের নিরাপত্তা নেই। মানুষ মরছে প্রতিনিয়ত, দেশের মানুষ স্বাভাবিক জীবন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, মানুষ পরিবর্তন চায়, দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে চায়। আর জাতীয় পার্টিই মানুষকে শান্তি ফিরিয়ে দিতে পারে। এজন্য সংগঠন শক্তিশালী করতে হবে।

এরশাদ আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন টাকা ছাড়া কোনো চাকরি মেলে না। মেধার কোনো মূল্য নেই। চাকরি পেতে হলে আওয়ামী লীগ হতে হবে আবার টাকাও থাকতে হবে। পুলিশ কনস্টেবল ১০ লাখ আর প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৫ লাখ টাকা লাগে। এ কারণে শিক্ষিত বেকার যুবকরা মাদকাসক্ত হচ্ছে। এখন সব জায়গা অর্থের দখলে চলে গেছে।

তনু হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, তনুর মরদেহ দুইবার উত্তোলন করা হলো, কিছুই নাকি পাওয়া যায়নি, কয়েকদিন পর হয়তো বলবে তনু নামে কোনো মেয়েই ছিল না, এটা মিডিয়ার সৃষ্টি। মানুষ সত্য কথা বলতে পারছে না, বিচার পাচ্ছে না। সবচেয়ে সস্তা মানুষের জীবন। এভাবে দেশ চলতে পারে না। মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়।

তিনি বলেন, জাতীয় পার্টি হারিয়ে যায়নি। যেখানেই যাচ্ছি মানুষের ঢল দেখছি। মানুষ পরিবর্তন চাচ্ছে। এজন্য জাতীয় পার্টির প্রয়োজন। বগুড়া ও রংপুরে পার্টির অবস্থান খুব শক্তিশালী। এসব এলাকার আসনগুলো পুনরুদ্ধার করা গেলে আবারো জাপা ক্ষমতায় যাবে। তবে তার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থাকবে। আর কেউ থাকবে না। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে জাপা ক্ষমতায় যাবে। জাপার বাক্সে জায়গা থাকবে না। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

জেলা জাপার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, অ্যাড. নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।

সম্মেলনে পুনরায় শরিফুল ইসলাম জিন্নাহকে সভাপতি, নুরুল ইসলাম ওমরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন জাপা চেয়ারম্যান এরশাদ।

basic-bank

Be the first to comment on "বর্তমান ইসি আজিজ মার্কা কমিশনের চেয়েও খারাপ"

Leave a comment

Your email address will not be published.


*