নিউজ ডেস্ক: বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। সংস্থাটির জুলাই’২০১৬ মাসের প্রতিবেদনে এই পর্যবেক্ষণ উঠে এসেছে।
রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং ঢাকার কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে হতাহতের ঘটনা উল্লেখ করে এ মন্তব্য করেছে আইসিজি।
সংস্থাটির মতে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার আঞ্চলিক শাখা (এইকিউআইএস) বিস্তার রোধ করাই প্রাথমিক চ্যালেঞ্জ।
তাই সরকারের উচিত জবাবদিহি ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগের ভিত্তিতে সন্ত্রাসবাদ মোকাবিলার নীতি গ্রহণ করা।
প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে বাংলাদেশ ও আফগানিস্তান বড় ধরনের সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে। এছাড়া আর্মেনিয়া ও ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ সুদান, মালি, তুরস্ক, সিরিয়া, আফগানিস্তান, আর্মেনিয়া এবং কাশ্মিরেও নিরাপত্তা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Be the first to comment on "বাংলাদেশ আফগানিস্তান ও কাশ্মিরে নিরাপত্তার অবনতি"