নিউজ ডেস্ক : পাবনার বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কটন মিলের বিপুল পরিমান তুলাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার কাঁচা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার আমিনপুর থানার আহাম্মদপুরে মেসার্স সততা ট্রেডার্স এন্ড কটন প্রসেসিং ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বেড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে লাগা আগুন সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৫ লক্ষ টাকার কাচামাল ও তুলা পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিরূপন করা যায়নি।
মিল মালিক আকতারুজ্জামান লিটন জানান, ইতোপূর্বেও ২০১৪ সালে তার কটনমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সংঘবদ্ধ দল নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ কাজটি করেছেন বলে তিনি দাবী করেন। তিনি আরও জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী চাঁদাবাজ মাঝে মাঝেই তার কাছে চাঁদা দাবী করে থাকে। চাঁদা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময় তাকে ভয়ভীতিও দেখানো হয়েছে। সঠিক তদন্ত হলে বিষয়টি বেরিয়ে আসবে বলে তার ধারণা।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Be the first to comment on "বেড়ায় কটনমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড"