নিউজ ডেস্ক : ওপেনার হাসিব হামিদের ইনজুরিতে ইংলিশ দলে সুযোগ পান তরুণ কিয়েটন জেনিংস। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে মুম্বাই টেস্টে অভিষেক ঘটে ২৪ বছর বয়সী এই তরুণের।
সেই অভিষেকেই সেঞ্চুরি করে অনন্য ইতিহাস গড়লেন জেনিংস।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুম্বাই টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে ৯৯ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন জেনিংস। কুক ৪৬ রানে রবিন্দ্র জাদেজার বলে উইকেটকিপার পার্থিব প্যাটেলের হাতে ধরা পড়লেও এগিয়ে যেতে থাকেন জেনিংস। ৮৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ড্রিংসের আগেই আরও একটি উইকেট হারায় ইংল্যান্ড। তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন জো রুট (২১)।
তৃতীয় উইকেট জুটিতে মঈন আলীর সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন জেনিংস। মঈন আলী ১০৪ বলে ৫০ রান করে অশ্বিনের বলে ক্যাচ দেন। তার আগেই ইতিহাস গড়ে ফেলেন জেনিংস। ১৮৬ বলে ১২টি চারের সাহায্যে তিন অংকে পৌঁছান তিনি। তিনি পঞ্চম ইংলিশ টেস্ট ওপেনার হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬৯তম অভিষিক্ত সেঞ্চুরিয়ান ওপেনার তিনি। তার এই অনন্য সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের দিকেই যাচ্ছে ইংল্যান্ড।
মঈন আলী আউট হওয়ার ১ বল পরই অশ্বিনের দ্বিতীয় শিকার হন জেনিংস। ২১৯ বলে ১৩ চারে ১১২ রানের ধ্রুপদী ইনিংস খেলে যান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৩১। ক্রিজে আছেন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস।

Be the first to comment on "ভারতের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন জেনিংস!"