নিউজ ডেস্ক : ‘ইত্যাদি’খ্যাত নির্মাতা হানিফ সঙ্কেত গত দেড়যুগ ধরেই বছরে দুই ঈদে এটিএনবাংলার জন্য দুটি নাটক নির্মাণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি নিজের রচনায় নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘সন্দেহে মনদাহ’। নাটকটি ঈদের দিন রাত ৮-৫০ মিনিটে প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, মীর সাব্বির, আল মামুন, আবদুল কাদের, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, দিপা খন্দকার, স্বাগতা, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম প্রমুখ। ঢাকাস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শূটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন কবির বকুল, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়, কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
সদ্য বিবাহিত একটি দম্পতি সোমা ও মিলনকে ঘিরে গড়ে উঠেছে এবারের নাটকের কাহিনী। সোমার স্বামী মিলন অত্যন্ত খুঁতখুঁতে এবং সন্দেহ বাতিকগ্রস্ত একজন মানুষ। যে কারণে সে সবকিছুতেই সোমাকে সন্দেহ করে। আর তাদের দাম্পত্য কলহে জড়িয়ে পরে পরিবারের অন্যান্য সদস্যরা। স্বামীর এই সন্দেহের কারণে বাড়ে স্ত্রীর অন্তর জ্বালা এবং এ নিয়ে সংসারে ঘটতে থাকে নানান ঘটনা। আর এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘সন্দেহে মনদাহ’ নাটকের গল্প।
এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সঙ্কেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। যেহেতু তিনি সবসময় একটি মাত্র নাটক নির্মাণ করেন এবং এবারের ঈদেও তিনি শুধুমাত্র এটিএন বাংলার জন্যই নাটক নির্মাণ করেছেন তাই আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারও এ সময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।
হানিফ সঙ্কেতের ‘সন্দেহে মনদাহ’

Be the first to comment on "হানিফ সঙ্কেতের ‘সন্দেহে মনদাহ’"