নিউজ ডেস্ক : করোনারি হার্ট ডিজিস কমাতে সহায়ক হয়ে ওঠে ম্যাগনেশিয়ামপূর্ণ মসলা, বাদাম, শীম, কোকোয়া, শস্য এবং সবুজ পাতাবহুল শাক-সবজি। এসব খাবারে স্ট্রোক এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও কমে আসে।
এক গবেষণায় এসব তথ্য দেওয়া হয়।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল জার্নাল বিএমসি মেডিসিনে-এ। চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি এবং ঝেংঝু ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণায় জানান, সর্বোচ্চ পর্যায়ের ম্যাগনেশিয়ামপূর্ণ খাবার গ্রহণে করোনারি হার্ট ডিজিসের ঝুঁকি হ্রাস পায় ১০ শতাংশ। এ ছাড়া স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে ২৬ শতাংশ।
প্রধান গবেষক ঝেজিয়াং ইউনিভার্সিটির ড. ফুদি ওয়াং জানান, প্রতিদিন ১০০ মিলিগ্রাম ডায়েটারি ম্যাগনেশিয়াম স্ট্রোকের ঝুঁকি ৭ শতাংশ এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১৯ শতাংশ হ্রাস করে। দেহে ম্যাগনেশিয়ামের অভাব বেশ কয়েকটি রোগ বয়ে আনে। ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যঝুঁকির মধ্য একটা সম্পর্ক রয়েছে। আমাদের মেটা-অ্যানালাইসিসে দেখা গেছে, খাবারের ম্যাগনেশিয়াম মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
মোট ৯টি দেশের ৯০ লাখ মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল মেলে। তাই আধুনিক হেলথ গাইডলাইনে প্রত্যেক পুরুষের জন্য দিনে ৩০০ মিলিগ্রাম এবং নারীদের জন্য ২৭০ গ্রাম ম্যাগনেশিয়াম গ্রহণের কথা বলা হয়।
অথচ মানুষের দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি এক সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যার ২.৫-১৫ শতাংশের দেহে ঘাটতি থেকে যায়।
মানুষের সুস্বাস্থ্যের জন্য ম্যাগনেশিয়াম অতি জরুরি। বায়োলজিক্যাল কাজগুলো ঠিকঠাক মতো করতে এই খনিজের দরকার পড়ে। গ্লুকোজ মেটাবলিজম, প্রোটিন প্রোডাকশন এবং নিউক্লিয়িক এসিডের সিনথেসিসের জন্য এর দরকার।
গবেষকরা বলেন, মানুষকে ম্যাগনেশিয়ামপূর্ণ খাবার বেশি বেশি খেতে উৎসাহ যোগাতে হবে। এটা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Be the first to comment on "হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় ম্যাগনেশিয়াম"